বাংলালিংকে অডিট ফার্ম নিয়োগ দিল বিটিআরসি

২৪ আগষ্ট, ২০২১ ১৭:৪৮  
বেসরকারি টেলকো অপারেটর গ্রামীণফোন ও রবির পর এবার বাংলালিংকে নিরীক্ষা কার্যক্রমের জন্য অডিট ফার্ম নিয়োগ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। ২৪ আগস্ট, বিটিআরসি কার্যালয়ে মসিহ মুহিত হক অ্যান্ড কোং এর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়। বাংলালিংক বিটিআরসির নির্দেশনা সঠিকভাবে পালন করছে কিনা, সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে কিনা অডিটের মাধ্যমে এসব বিষয় যাচাই করবে অডিট ফার্মটি। ফেসবুকে এক পোস্টে বিটিআরসি জানিয়েছে, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিঃ এর নিরীক্ষা কার্যক্রম। আজ সকালে এ নিরীক্ষা কার্যক্রমের জন্য নির্বাচিত অডিট প্রতিষ্ঠানের সাথে বিটিআরসির চুক্তি স্বাক্ষর। এর আগে বিটিআরসি জানায়, আট কোটি সাতাত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যয়ে অডিট ফার্মটিকে নিয়োগ দেয়া হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ মুহিত হক অ্যান্ড কোং এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।